
রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সংসদের সাবেক কাজী রাকিব হোসাইন। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
আজ সোমবার (১৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, কাজী রাকিব হোসাইনকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব পদে যোগদানের তারিখ হতে রাষ্ট্রপতির মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলে প্রজ্ঞাপনে বলা হয়। জানা যায়, ২০২২ সালের ১৫ সেপ্টেম্বর তিন মাস বিলুপ্ত থাকার পর ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। এতে কাজী রাকিব হোসাইনকে আহ্বায়ক করে ১৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল।
মন্তব্য করুন