
শিক্ষা ব্যবস্থার বর্তমান অরাজক অবস্থা কাটিয়ে উঠতে শিক্ষকদের চাকরি জাতীয়করণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।
এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, নীতিনির্ধারণী প্রক্রিয়ায় শিক্ষকদের সম্পৃক্ত না করায় শিক্ষা খাতের বিভিন্ন উদ্যোগ থমকে যাচ্ছে এবং হ য ব র ল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এ সময় তিনি ৭০০ কোটি টাকার প্রাক্কলন দিয়ে দ্রুত শিক্ষকদের চাকরি জাতীয়করণ এবং এমপিওভুক্তির জোরালো দাবি জানান।
শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবি এবং এর প্রয়োজনীয়তা নিয়ে অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, শিক্ষকদের মূল দাবিটাই ছিল জাতীয়করণ। কারণ শিক্ষা ব্যবস্থার বর্তমানে যে অরাজক অবস্থা—শিক্ষকদের চাকরির সিকিউরিটি নাই, সামাজিক মর্যাদা নাই, আর্থিক সচ্ছলতা নাই; এটা থেকে বের হওয়ার একটাই রাস্তা শিক্ষকদের চাকরি জাতীয়করণ।
এমপিওভুক্ত এবং নন-এমপিও শিক্ষকদের বৈষম্য প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষকদের একটা গ্রুপ জাতীয়করণ হবে, আরেকটা অংশ নন-এমপিও থাকবে, এটা তো হতে পারে না। নন-এমপিও কারা? যে শিক্ষা প্রতিষ্ঠান স্বীকৃতি ও টাকা দিচ্ছে; আবার নন-এমপিও যারা, শিক্ষকরা টাকা পাচ্ছেন না, কিন্তু স্কুল-কলেজ-মাদ্রাসা ঠিকই সরকার থেকে স্বীকৃতিপ্রাপ্ত। একই ক্রাইটেরিয়ায় চলে এই স্কুলগুলো, একই সিলেবাসে পড়ায়, তারা কেন পাবে না?
মন্তব্য করুন