
বিশ্বজুড়ে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সংকটকে পুঁজি করে এলপিজির দাম বাড়ানো বা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করা হলে তা বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তাঁরা।
আজ বুধবার, ১৪ অক্টোবর, সচিবালয়ে এলপিজি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে দুই মন্ত্রী এসব কথা বলেন। আগামী বৃহস্পতি ও শুক্রবার এলপিজি ব্যবসায়ী সমিতির ডাকা ধর্মঘটের প্রেক্ষাপটে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের সুযোগ নিয়ে এলপিজির দাম বাড়ানোর পাঁয়তারা করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এলপিজি বেসরকারি খাতকেন্দ্রিক একটি ব্যবসায়িক পণ্য। বাজার স্থিতিশীল রাখতে সরবরাহ বাড়ানোসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে নিজেদের স্বার্থে বাজার পরিস্থিতিকে কাজে লাগিয়ে সংকট তৈরি করলে সরকার তা মেনে নেবে না।
এ সময় যেকোনো সমস্যা ধর্মঘটের মাধ্যমে নয়, বরং আলোচনার ভিত্তিতে সমাধানের জন্য এলপিজি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান দুই মন্ত্রী।
মন্তব্য করুন