Logo
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩০, ২০২৬, ৯:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩০, ২০২৬, ৩:৫৩ পি.এম

শেকৃবির দ্বিতীয় সমাবর্তনের বিজ্ঞপ্তি প্রকাশ, নিবন্ধন অনলাইনে

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) দ্বিতীয় সমাবর্তন আগামী ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সমাবর্তনে অংশগ্রহণের জন্য যোগ্য সাবেক শিক্ষার্থীদের অনলাইনে নিবন্ধন করতে হবে। এ জন্য নিবন্ধন ও অংশগ্রহণের বিস্তারিত নির্দেশনা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সমাবর্তনে অংশগ্রহণের জন্য যোগ্য শিক্ষার্থীদের convocation.sau.edu.bd ওয়েবসাইটে প্রবেশ করে নিবন্ধন করতে হবে। ওয়েবসাইটে ‘Eligibility Check’ অপশনে প্রয়োজনীয় তথ্য দিয়ে নিজের যোগ্যতা যাচাই করতে হবে। যোগ্যতা নিশ্চিত হওয়ার পর ‘Register’ বাটনে ক্লিক করে নিবন্ধন ফরম পূরণ করতে হবে।
নিবন্ধনের সময় শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য ও নির্ধারিত কাগজপত্র আপলোড করতে হবে। এ ছাড়া পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সনদ অথবা বিশ্ববিদ্যালয় কর্তৃক ইস্যু করা প্রভিশনাল সার্টিফিকেটের তথ্য দিতে হবে। নিবন্ধন সম্পন্ন হলে কনভোকেশন রেজিস্ট্রেশন কার্ডের জন্য নিজের ই-মেইল ঠিকানা প্রদান করতে হবে।
সব তথ্য পূরণ করার পর ‘Pay Now’ অপশনে ক্লিক করে অনলাইনে নিবন্ধন ফি পরিশোধ করতে হবে। বিকাশ, নগদ, রকেটসহ নির্ধারিত পেমেন্ট মাধ্যম ব্যবহার করে ফি দেওয়া যাবে। অনলাইন পেমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য অতিরিক্ত চার্জ শিক্ষার্থীকে বহন করতে হবে।
সমাবর্তন-সংক্রান্ত বিস্তারিত তথ্য, নিবন্ধন পদ্ধতি ও প্রয়োজনীয় নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে প্রকাশিত ‘Registration Flowchart’ এবং ‘Frequently Asked Question (FAQ)’ অপশন থেকে জানা যাবে। এ ছাড়া ওয়েবসাইটের ‘Help Desk’-এর মাধ্যমেও প্রয়োজনীয় সহায়তা পাওয়া যাবে।
এর আগে, গত ১৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের আচার্য মীর্জা ফখরুল ইসলাম আলমগীর শেকৃবির দ্বিতীয় সমাবর্তনে সম্মতি জ্ঞাপন করেন।
প্রসঙ্গত, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন হয়েছিল ২০১৫ সালের ১৬ নভেম্বর। এটি বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার পর প্রথম সমাবর্তন ছিল।


সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান

সম্পাদক ও প্রকাশক কর্তৃক স্টুডেন্ট নিউজ বিডি ন্যাশনাল ইলেকট্রনিক প্রিন্টিং প্রেস প্রকাশিত।

Copyright © studentnewsbd. All right reserved.
প্রিন্ট করুন সেভ করুন