Logo
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১, ২০২৬, ৩:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৬, ২০২৬, ১১:১৮ পি.এম

ধারণক্ষমতার তুলনায় সবচেয়ে বেশি বন্দী বাংলাদেশের কারাগারে

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের কারাগারে ধারণক্ষমতার তুলনায় বন্দীর হার সবচেয়ে বেশি। দেশের কারাগারগুলোয় প্রতি ১০০ বন্দীর জায়গায় রয়েছেন ২২৬ জন।
ধারণক্ষমতার অতিরিক্ত বন্দীর দিক দিয়ে বাংলাদেশের কাছাকাছি অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা। তুলনামূলক কিছুটা ভালো অবস্থানে রয়েছে ভারত ও পাকিস্তান।
ওয়ার্ল্ড প্রিজন ব্রিফ (ডব্লিউপিবি) নামের একটি অনলাইন তথ্যভান্ডারে বিভিন্ন দেশের কারাগারে থাকা বন্দী সম্পর্কিত নানা তথ্য প্রকাশ করা হয়েছে। তথ্যভান্ডারটি পরিচালনা করে যুক্তরাজ্যের বার্কবেক, ইউনিভার্সিটি অব লন্ডনের ইনস্টিটিউট ফর ক্রাইম অ্যান্ড জাস্টিস পলিসি রিসার্চ। বাংলাদেশের ক্ষেত্রে তারা জাতীয় কারা অধিদপ্তরের তথ্য ব্যবহার করেছে।

ডব্লিউপিবির তথ্য অনুযায়ী, সরকারি হিসাবে বাংলাদেশের কারাগারগুলোয় ৪৫ হাজার ১৮৬ জন বন্দী রাখার ব্যবস্থা রয়েছে। সেখানে চলতি সেপ্টেম্বর মাসে বন্দী আছে ১ লাখ ২ হাজার ১৮০ জন। সে হিসাবে মোট ধারণক্ষমতার ২২৬ দশমিক ১ শতাংশ বন্দী

বর্তমানে দেশের কারাগারগুলোতে রয়েছে। আর দেশের প্রতি ১ লাখ জনসংখ্যার মধ্যে কারাবন্দী রয়েছেন ৫৯ জন।
বাংলাদেশের কারা অধিদপ্তরের তথ্য বলছে, কারাগারগুলোতে বন্দীর সংখ্যা আরও বেড়েছে। ২৯ সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী, বন্দীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬ হাজারে। কারাগারের বন্দী ধারণক্ষমতা ৪৫ হাজার ১৮৬।

দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মধ্যে শ্রীলঙ্কায় কারাগারে ধারণক্ষমতার ২১৬ শতাংশ, পাকিস্তানে ১৬৩ শতাংশ, নেপালে ১৪৪ শতাংশ, ভারতে ১১৩ শতাংশ ও মিয়ানমারে ১১২ শতাংশ বন্দী রয়েছে।

সারা বিশ্বের হিসাবে ধারণক্ষমতার সবচেয়ে বেশি বন্দী রয়েছে কঙ্গো প্রজাতন্ত্রে, ৬১৭ শতাংশ। সবচেয়ে কম নাউরুতে। দেশটির কারাগারগুলোতে ধারণক্ষমতার মাত্র ১৪ শতাংশ বন্দী থাকে।


সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান

সম্পাদক ও প্রকাশক কর্তৃক স্টুডেন্ট নিউজ বিডি ন্যাশনাল ইলেকট্রনিক প্রিন্টিং প্রেস প্রকাশিত।

Copyright © studentnewsbd. All right reserved.
প্রিন্ট করুন সেভ করুন